
বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চুরিসহ বিভিন্ন দুর্নীতিতে সম্পৃক্ততার ঘটনায় সহকারী প্রশাসনিক কর্মকর্তা নিরব মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে তদন্তে অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় গত বছরের ১৫ ডিসেম্বর বগুড়া জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা এই আদেশ দেন।
ডিসি হোসনা আফরোজা স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গত ২০২৪ সালের ১৮ এপ্রিল রাত সাড়ে ৯টা থেকে ২০ এপ্রিল বেলা ১১টার মধ্যে চুরির ঘটনা ঘটে। ওই সময় চারটি কম্পিউটার, একটি ল্যাপটপ ও হার্ডডিক্সসহ দুটি সিসি ক্যামেরা চুরি হয়। এছাড়া দুপচাঁচিয়ার মেসার্স সিদ্দিক ব্রিকসের মালিককে ইট পোড়ানোর লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক হাজার ইট গ্রহণ করেন। কিন্তু সেই ইটের মূল্য বাবদ ১৪,৫০০ টাকা পরিশোধ করেননি নিরব মিয়া। একই সাথে অফিসের গোপনীয় নথিপত্র বাহিরে পাচারের অপচেষ্টার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।বগুড়ার খাবার এবং রেস্তোরাঁ
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী প্রশাসনিক কর্মকর্তা নিরব মিয়া অভিযোগের ব্যাপারে স্বীকারোক্তিমূলক লিখিত জবাব দিয়েছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(ঘ) বিধিমতে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি পরায়ণতার’ অভিযোগে বিভাগীয় মামলার কার্যধারা সূচিত হয়েছে। বিধিমালা ২০১৮ এর বিধি ১২(১) মোতাবেক সরকারি চাকরি হতে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। এছাড়া সাময়িক বরখাস্তকালে বিধিমোতাবেক তিনি খোরাকি ভাতা পাবেন।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান বলেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা নিরব মিয়ার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্ত চলমান আছে। পুরোপুরি দোষী হিসেবে দায়ী হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।




