
বগুড়ার শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামে অবস্থিত বগুড়া শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে দেবীজ্ঞানে এক কুমারীকে পূজার মধ্য দিয়ে এ আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত বৈদিক শাস্ত্রমতে পূজা পরিচালনা করেন পুরোহিত বাসুদেব ব্যানার্জি। এ উপলক্ষে নির্জলা উপবাস থেকে হিন্দু নারী-পুরুষ, শিশু-কিশোর ও বৃদ্ধরা দেবীর উদ্দেশে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পরে বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
কুমারী পূজা দেখতে বগুড়া শহরসহ বিভিন্ন উপজেলা থেকে প্রায় দুই হাজার ভক্ত আশ্রম প্রাঙ্গণে সমবেত হন। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের উপস্থিতিতে আশ্রম চত্বর মুখর হয়ে ওঠে। ঢাকঢোলের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
পুরোহিত বাসুদেব ব্যানার্জি বলেন, কুমারী বালিকার মধ্যে নারীর পবিত্র ও নিষ্কলুষ রূপের প্রকাশ ঘটে বলে তাঁকে দেবীজ্ঞানে পূজা করা হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গার মহাষ্টমী পূজার পর কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
বগুড়া শ্রীরামকৃষ্ণ আশ্রমের সভাপতি ডা. বিপ্লব কুমার বর্মণ ও সেক্রেটারি অ্যাডভোকেট আতিয়া কান্ত বর্মণ জানান, ২০১৮ সালে বগুড়া শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হয়। ২০২২ সাল থেকে আশ্রম প্রাঙ্গণে দুর্গাপূজা শুরু হয়। একই বছর থেকে সেখানে কুমারী পূজার আয়োজন করা হচ্ছে।




