
বগুড়ার শাজাহানপুরের রাজাবাড়ী রহমানিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক এ বি এম আব্দুল বারীর বিদায় সংবর্ধনায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি বলেছেন, “একজন প্রকৃত শিক্ষক তার কর্মফল ও আদর্শের মাধ্যমে চিরকাল বেঁচে থাকেন। বিদায় বলতে কিছু নেই, শিক্ষকের প্রকৃত অবদান প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকে।”
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হাই রনি। বক্তব্যে তিনি আরও বলেন, “যে শিক্ষক জীবনভর শিক্ষার্থীদের আলোকিত করতে আত্মনিয়োগ করেন, তাঁর অবদান কোনোদিন ম্লান হয় না। এ বি এম আব্দুল বারী স্যার এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনে চিরকাল বেঁচে থাকবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মো. আলতাব উদ্দিন, অধ্যক্ষ নজমুল হক, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিনসহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিদায়ী শিক্ষক এ বি এম আব্দুল বারী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি এই মাদ্রাসাকে প্রাণ দিয়ে ভালোবেসেছি। শিক্ষার্থীদের ভালোবাসা ও সহকর্মীদের সহযোগিতা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন।”
অনুষ্ঠান শেষে মাদ্রাসার পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদায়ী মুহূর্তে শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।




