
শহরে নারীরা কতটা নিরাপদ—তা সরেজমিনে যাচাই করতে সাধারণ নারীর ছদ্মবেশে গভীর রাতে রাস্তায় নামেন এক নারী পুলিশ কর্মকর্তা। তবে তিন ঘণ্টার মধ্যেই তাকে পড়তে হয় অস্বস্তিকর ও বিব্রতকর পরিস্থিতিতে। এ সময় তার কাছে এগিয়ে আসে প্রায় ৪০ জন পুরুষ, যাদের অনেকে মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় কুপ্রস্তাব দেন।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদ শহরে। ওই নারী পুলিশ কর্মকর্তার নাম সুমতি। তিনি মালকাজ গিরি এলাকার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শহরের রাস্তায় নারীদের নিরাপত্তা পরিস্থিতি বাস্তবে কেমন—তা বুঝতেই মধ্যরাতের পর একাই রাস্তায় দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই আইপিএস কর্মকর্তা। সাধারণ পোশাকে এবং কোনো পুলিশি নিরাপত্তা ছাড়াই রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মালকাজ গিরি থানার কাছের একটি বাসস্ট্যান্ডে অবস্থান করেন তিনি।
এ সময় প্রায় ৪০ জন পুরুষ তার কাছে এসে কথা বলার চেষ্টা করেন। তাদের মধ্যে অনেকেই কুপ্রস্তাব দেন। অধিকাংশই ছিলেন তরুণ, এমনকি কয়েকজন ছাত্রও ছিলেন বলে জানা গেছে। তবে কেউই বুঝতে পারেননি যে, তারা একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলছেন।
অভিযোগ রয়েছে, ওই ব্যক্তিদের মধ্যে কয়েকজন মদ ও গাঁজার নেশায় ছিলেন। পরে পুলিশ তাদের একটি অংশকে শনাক্ত করে। তবে তাৎক্ষণিক মামলা না দিয়ে সংশ্লিষ্টদের কাউন্সেলিংয়ের জন্য ডেকে সতর্ক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র বলছে, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে নয়, বরং বাস্তব পরিস্থিতি বোঝার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে নারীরা পুলিশ কর্মকর্তার এই উদ্যোগকে সাহসী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।
জানা গেছে, এর আগেও কর্মজীবনের শুরুতে ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) থাকাকালে একই ধরনের অভিযান চালিয়েছিলেন সুমতি। বর্তমানে তিনি তেলেঙ্গানা ক্যাডারের সিনিয়র আইপিএস কর্মকর্তা এবং ‘স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো (এসআইবি)’ প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।




