
বগুড়ায় একটি পুকুর থেকে বিপুল (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া মণ্ডলপাড়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিপুল ওই গ্রামের বাসিন্দা। তিনি বাঘোপাড়া বন্দরের নৈশপ্রহরী জাহিদুর রহমানের ছেলে। পেশায় তিনি গাড়ির হেলপার ছিলেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা (ইউডি) হতে পারে।
ওসি আরও জানান, বিপুল মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।




