
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
তিন মাস আগে হারিয়ে গিয়েছিল একটি গর্ভবতী ছাগল। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি। অবশেষে সেই ছাগলের সন্ধান মিলল বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে। তবে সেখানে গিয়ে চমকপ্রদ ঘটনা—একটি ছাগল নিতে এসে মালিক ফিরে পেলেন চারটি। কারণ, কার্যালয়ে আশ্রয়ে থাকা অবস্থায় ছাগলটি জন্ম দিয়েছে তিনটি বাচ্চা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম কার্যালয় চত্বরে ছাগল চারটি প্রকৃত মালিক শামছুন্নাহারের হাতে তুলে দেন। এ সময় বিএনপি নেতা মোকলেছুর রহমান, জাসাস নেতা রেজাউল করিম বাপ্পীসহ স্থানীয় বাসিন্দা শাহিন, বাবু ও অন্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ১১ আগস্ট নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের পর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর এলাকা থেকে একটি ছাগল চুরি করে পালানোর সময় চার ব্যক্তি গ্রেপ্তার হন। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেল-জরিমানা করা হয়। এ সময় ছাগলটির মালিকানা ও অবস্থান নিয়ে বিপাকে পড়েন সংশ্লিষ্টরা। একপর্যায়ে তাঁরা ছাগল চুরির বিষয়টি স্বীকার করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা জানান, নেশা করে ফেরার পথে রাস্তার পাশে ছাগলটি দেখতে পেয়ে চুরি করে নিয়ে যাচ্ছিলেন। তবে ছাগলটি ঠিক কোন এলাকা থেকে চুরি করেছেন, তা নিশ্চিত করে বলতে পারেননি। ধারণা করে আদমদীঘি উপজেলার কথা বলায় ওই দিন সন্ধ্যায় ছাগলটির দেখভালের জন্য সেটিকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে পাঠানো হয়।
এরপর কার্যালয়েই নতুন অধ্যায় শুরু হয় ছাগলটির। সেখানে নেওয়ার পর ওই রাতেই তিনটি বাচ্চা প্রসব করে ছাগলটি। প্রকৃত মালিকের সন্ধান না পাওয়া পর্যন্ত ছাগল ও বাচ্চাগুলোর দেখভালের দায়িত্ব নেন কার্যালয়ের কর্মচারী জিয়া। দীর্ঘ দুই মাস ২০ দিন ধরে তিনি যত্নসহকারে ছাগল চারটিকে লালন-পালন করেন।
অবশেষে ছাগলটির প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়। দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগরের বালুকাপাড়া গ্রামের বাসিন্দা শামছুন্নাহার প্রয়োজনীয় প্রমাণসহ ছাগলটি নিতে আদমদীঘিতে আসেন। সঙ্গে ছিলেন তাঁর ছেলে আবু বক্কর সিদ্দিক। যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ছাগল ও তার তিনটি বাচ্চা তাঁদের হাতে তুলে দেন।
হারানো একটি ছাগলের বদলে চারটি ছাগল ফিরে পেয়ে আনন্দিত শামছুন্নাহার। অন্যদিকে সরকারি কার্যালয়ে ছাগলটির আশ্রয়, তিনটি বাচ্চার জন্ম এবং দীর্ঘদিন ধরে সেগুলোর যত্ন নেওয়ার ঘটনাটি এলাকায় বেশ সাড়া ফেলেছে।




