
বগুড়ার শাজাহানপুরে চুরি হওয়া একটি মোটরসাইকেল টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নাজমুল শেখ (২৫) নামে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দুপুরে শাজাহানপুর উপজেলার সুজাবাদ পূর্বপাড়া এলাকার মো. বজলুর রশিদ (৫৬) তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি বাড়ির পাশে রেখে যান। পরে অজ্ঞাতনামা চোর সেটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ২ নভেম্বর শাজাহানপুর থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলা হওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন চন্দ্র দেবনাথ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে চোরের অবস্থান শনাক্ত করেন।
পরে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল টাঙ্গাইল জেলার যমুনা পূর্ব সেতু থানার সামনে অভিযান চালিয়ে চোর চক্রের ওই সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।




