
বগুড়ার শাজাহানপুর থানায় দায়ের করা একটি অপহরণ মামলার ১৪ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১২। একই ঘটনায় মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. সাকিব হাসান (২০)-কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে শাজাহানপুর উপজেলার শাহানগর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল ভিকটিমকে উদ্ধার এবং আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতার সাকিব হাসান শাজাহানপুর উপজেলার শাহানগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. এরশাদুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গত ২৯ মে রাত আনুমানিক ১১টার দিকে ভিকটিম বাড়ির পাশের বোনের বাড়িতে যাওয়ার পথে জোকা নয়াপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্তরা পরিকল্পিতভাবে একটি সিএনজিযোগে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শাজাহানপুর থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।
র্যাবের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ১ নম্বর পলাতক আসামি সাকিব হাসান গ্রেফতার এড়াতে শাহানগর এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




