
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১১টায় উপজেলার ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস ঊর্মি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।




