
আসন্ন ঈদুল ফিতরে বড়পর্দায় ঝড় তুলতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন সিনেমা ‘প্রিন্স’-এর মোশন পোস্টার, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। পোস্টারে আকাশছোঁয়া হেলিকপ্টারে বসে এক হাতে অস্ত্র ধরে রাখা শাকিবের রাজকীয় লুক ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, হাতে বিধ্বংসী অস্ত্র থাকলেও শাকিবের চোখেমুখে যুদ্ধের বীভৎসতা নেই; বরং রয়েছে পিয়ানোর সুরের মতো এক অদ্ভুত গাম্ভীর্য ও স্নিগ্ধতা। চোখে কালো রোদচশমা আর গ্ল্যামারাস উপস্থিতি যেন মধ্যদুপুরের সূর্যের তেজকেও ম্লান করে দিয়েছে। পোস্টারের ট্যাগলাইন রাখা হয়েছে— ‘একটা শহর, একটা উপাখ্যান— ঢাকা এবার বলবে প্রিন্স এর গল্প’, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস প্রযোজিত এই সিনেমার পটভূমি সাজানো হয়েছে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের সংমিশ্রণে। ছবিটির ভিজ্যুয়াল কোয়ালিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক উঁচুতে, কারণ ভারতের ব্লকবাস্টার হিট ছবি ‘অ্যানিম্যাল’ খ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় সামলাচ্ছেন এর ক্যামেরার দায়িত্ব।
সিনেমার শুটিংয়ের কাজে গত ১০ দিন ধরে শাকিব খান অবস্থান করছেন শ্রীলঙ্কায়। সেখানে তার সঙ্গে যোগ দিয়েছেন কলকাতার নবাগতা অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। ছবিতে জ্যোতির্ময়ীকে এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা গেলেও প্রয়োজনে তিনি অংশ নেবেন ধুন্ধুমার অ্যাকশনে। ‘প্রিন্স’ সিনেমায় শাকিবের বিপরীতে থাকছেন দুই নায়িকা—তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুন্ডু। জানা গেছে, শ্রীলঙ্কায় সিনেমাটির শুটিং চলবে আরও প্রায় ২০ দিন।




