
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে শনিবার (২০ ডিসেম্বর) দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
ওইদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে (ওসমান হাদি) মহান রাব্বুল আলামিন শহিদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি।
তার এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।’
উল্লেখ্য, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি (বিজি-৫৮৫) সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।




