
এসবি ক্রীড়া ডেস্ক : চলমান নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ নারী দলকে ১০ উইকেটে হারিয়েছে ভারতীয় নারী দল।
শুক্রবার (২৬ জুলাই) শ্রীলংকার রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে ধুঁকতে থাকে বাংলাদেশের ব্যাটাররা। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়য় ৮ উইকেটে ৮০ রান। দলের পক্ষে অধিনায়ক নিগার সুলতানা করেন ৫১ বলে ৩২ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন রেনুকা সিং ও রাধা যাদব, আর পূজা ও দীপ্তি শিকার করেন একটি করে উইকেট।
৮১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১১ ওভারে কোন উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় নারী দল। ওপেনার স্মৃতি মান্ধানা তুলে নেন অর্ধশতক। তার সংগ্রহ ৩৯ বলে অপরাজিত ৫৫ রান এবং ওপর ওপেনার শেফালী ভার্মা সংগ্রহ করেন ২৮ বলে অপরাজিত ২৬ রান।
৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট শিকার করা ভারতীয় পেসার রেনুকা সিং জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।
_সংবাদ বুলেটিন /ইন্দ্রজিৎ_




