
বগুড়া এডওয়ার্ড পৌর পার্কে পা দিতেই অনুপম রায়ের সুরে লগ্নজিতার কণ্ঠের গান ভেসে এলো বাতাসে। একটু এগুতেই চোখে পড়লো যেন রঙের মেলা। ‘ফুল বাগানের’ জগিং সেন্টার চত্বর ঘিরে হলুদ, লাল, কমলা, সবুজ নানা রঙের শাড়িতে শিশু-কিশোরীদের বর্ণাঢ্য সাজ। মাথায় ফুলের মুকুট, চোখে উৎসবের আভা। দর্শক সারিতেও শত-শত নারী-পুরুষের পোশাকেও ছিল রঙের ছড়াছড়ি। রঙের এমন বাহার দেখেই পরিষ্কার— ফাল্গুন এসে গেছে, আজ বসন্ত।
বসন্তকে বরণ করতেই বগুড়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’ ও ‘ঋদ্ধ সৃজন’ আয়োজন করেছিল বসন্ত উৎসব ‘রঙ যেন মোর মর্মে লাগে’। ‘সম্প্রীতির রঙ লাগুক সবার মনে’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এডওয়ার্ড পার্কের ফুল বাগানের উন্মুক্ত মঞ্চে জমে ওঠে এই আয়োজন।
প্রকৃতিও যেন ফাল্গুনের আগাম বার্তা দিয়ে রেখেছিল আগেই। গাছে গাছে সবুজ কচি পাতা আর লাল-কমলা রঙে ফোটা পলাশ-শিমুল প্রকৃতিকে নতুন রূপে সাজিয়েছে। দিনপঞ্জির হিসেবে শীতকে বিদায় জানিয়ে এসেছে বসন্ত। আর সেই ঋতুরাজকে বরণ করতে নাচ, গান, আবৃত্তিতে মেতে ওঠেন শিল্পীরা। উৎসবের এই রঙ দোলা দেয় উপস্থিত সবার মনে। ছিল বিশেষ আকর্ষণ অতিথিদের বসন্ত কথন পর্ব।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিরা নৃত্য শিল্পীদের আবির মাখিয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়া সম্পাদক লায়ন মোজাম্মেল হক, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক আল জাবির, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারী প্রমুখ।
বসন্ত কথন পর্বে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব এই বসন্ত। অনাদিকাল থেকেই বাঙালির জীবনে বসন্তের উপস্থিতি। সাহিত্যের প্রাচীন নিদর্শন থেকে শুরু করে কবিতা, গান, নৃত্য ও চিত্রকলায় বারবার ফিরে এসেছে বসন্তের বন্দনা। এই ঋতু যেন সবার মনকেই দোলায়।
তবে এবারের বসন্ত উৎসব এসেছে ভিন্ন মাত্রা নিয়ে। মাত্র দু’দিন আগেই শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর ছিল গোটা দেশ। বক্তারা মনে করেন, এবারের নির্বাচন ছিল সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, যা জাতীয় জীবনে বিশেষ ভূমিকা রাখবে। তাঁরা আরও বলেন, একটি দেশের সংস্কৃতি যত উন্নত হবে, সে দেশের গণতন্ত্র ততই মজবুত হবে।
মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় সংগঠনের শিল্পীরা বসন্তের গানের সঙ্গে পরিবেশন করেন দলীয় নৃত্য। আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের আবৃত্তি শিল্পীরা।
সংগঠনের সভাপতি লায়ন আবদুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ ও তাসনিম ত্রয়ী। ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে এডওয়ার্ড পার্কের ফুল বাগানের এই আয়োজন যেন রঙ আর প্রাণের মিলনমেলায় পরিণত হয়।




