
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বগুড়ার শাজাহানপুর উপজেলার ৭৫টি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে পাঁচ শতাধিক সিসি ক্যামেরা। পাশাপাশি ভোটকেন্দ্রের সার্বিক পরিবেশ কন্ট্রোল রুম থেকে সরাসরি পর্যবেক্ষণের লক্ষ্যে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের শরীরেও ব্যবহার করা হবে বডি অন ক্যামেরা।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনী নিরাপত্তা জোরদারে শাজাহানপুর থানার অনুকূলে ৪৬টি বডি অন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এসব ক্যামেরা পরিচালনার জন্য ইতোমধ্যে থানায় একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সরবরাহকৃত ক্যামেরাগুলো ঠিকভাবে কাজ করছে কিনা—তা যাচাই-বাছাই চলছে।
নির্বাচনের দিন যেভাবে বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে, সেই আদলেই গত দুই দিন ধরে পরীক্ষামূলকভাবে শরীরে ক্যামেরা সংযুক্ত করে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করছেন পুলিশ কর্মকর্তারা। একই সঙ্গে কন্ট্রোল রুমে বসে ভোটকেন্দ্রগুলোর ভিডিও চিত্র পর্যবেক্ষণ করছেন দায়িত্বরত কর্মকর্তারা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিক অবহিত করতে বডি অন ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা। ইতোমধ্যে থানায় ৪৬টি বডি অন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এসব ক্যামেরা ব্যবহারে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।




