
বগুড়ার শাজাহানপুরে ঢাকা–রংপুর মহাসড়কে ট্রাকচালক ও হেলপারের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ) গভীর রাতে বি-ব্লক ওভারপাস এলাকার ফুটওভার ব্রিজসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। টহলরত শেরপুর হাইওয়ে পুলিশ তৎক্ষণাত্ ঘটনাস্থলে পৌঁছে একজন ছিনতাইকারীকে আটক করে।
জানা যায়, চাউলবোঝাই ট্রাক নিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী ড্রাইভার মো. রাজু (২৮) ও হেলপার মো. সুমন (১৮) রাত ২টা ৪০ মিনিটের দিকে রাস্তার পাশে থামেন। ঠিক সেই মুহূর্তে দু’জন ছিনতাইকারী হাসুয়া হাতে এসে তাদের গতিরোধ করে। গলায় অস্ত্র ঠেকিয়ে তারা টাকা-পয়সা দাবি করে। বাধা দিলে ট্রাকচালক ও হেলপারকে এলোপাতাড়ি কোপায়। ড্রাইভারের কাছে থাকা নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তাদের চিৎকারে নিকটস্থ টহল পুলিশের সদস্যরা ছুটে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে পুলিশ একজনকে ধরে ফেলে। জব্দ করা হয় একটি ধারালো হাসুয়া। পালিয়ে যায় আরেকজন।
গ্রেপ্তার ব্যক্তির পরিচয়—মো. এরশাদুল ইসলাম (৪২), রহমানাবাদ উত্তরপাড়া, শাজাহানপুর। পলাতক সহযোগীর নাম মো. আ. জলিল (৪০), মাঝিঁড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে আটককৃত আসামি।
পুলিশ আহত দু’জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হেলপার সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। ড্রাইভার পেয়েছেন প্রাথমিক চিকিৎসা।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জন ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনার পর ট্রাকচালক রাজুর অভিযোগের ভিত্তিতে শাজাহানপুর থানায় মামলা রুজু করা হয়েছে।




