
বগুড়ার শাজাহানপুরে একটি অত্যাধুনিক ধারালো বিদেশি চাকুসহ মো. সোয়াইব (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতমঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিসাকান্দি গ্রামের মতিয়ার রহমান পিন্টু এলজিপি ইটভাটার প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শাজাহানপুর থানার এসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে দুবলাগাড়ী বাজার থেকে মোস্তাইল যাওয়ার পাকা সড়কে টহলকালে সোয়াইবকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে থামান। তল্লাশিতে তার কাছ থেকে একটি অত্যাধুনিক ধারালো বিদেশি চাকু উদ্ধার করা হয়।
আটক সোয়াইব ঘাসিড়া নওদাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
শাজাহানপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।




