
বগুড়া শাজাহানপুরের সাজাপুর এলাকায় মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে চাঁদাবাজী সময় শাজাহানপুর উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম ওরফে মুন্সিসহ ৩জনকে গ্রেফতার করে র্যাব-১২ বগুড়া ।
র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা উত্তোলন করে। উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২০ মার্চ) রাত ৮ টায় সেখানে অভিযান পরিচালনা করে চাঁদাদাবী আদায়ের ০১টি রশিদ বহি, ০১টি টর্চ লাইটসহ ৩ জন কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ সাইফুল ইসলাম (৪৭), পিতা- মোঃ সাত্তার আলী, সাং- বেতগাড়ী, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া, ২। মোঃ মহিদুল ইসলাম (২৯), পিতা- মৃত মজিবর রহমান, সাং- তালোড়া (উত্তরপাড়া), থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া, ৩। মোঃ রিপন (২৬), পিতা- আব্দুল্লাহ, সাং- সুজাবাদ, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া।
এবিষয়ে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ এর পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পণ্যবাহী ট্রাকের ড্রাইভারের কাছ থেকে টাকা উত্তোলনের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।
@followers




