
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্য ও উপ-উপাচার্য ছাড়াই চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
গত ৫ই আগষ্ট সরকার পতনের পর থেকে সকল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ শুরু হয়। সেই ধারাবাহিকতায় বশেমুরবিপ্রবিতে ২০ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন উপাচার্য ড. এ. কিউ.এম. মাহবুব। পদত্যাগের পর থেকে ২ মাস অতিবাহিত হয়ে গেলেও এখনো অভিভাবক শূন্য ক্যাম্পাসটি।
কবে উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ হতে পারে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন বলেন, “এ ব্যাপারে আপনারা যা জানেন আমরাও তা-ই জানি; সরকার যাদের দিতে চাচ্ছে তারা অনিহা প্রকাশ করছে; আবার যারা ইন্টারেস্ট দেখাচ্ছে তাদের হয়তো গভমেন্ট নিতে চাচ্ছে না”।
একই প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ মোবারক হোসেন’কে করা হলে তিনি বলেন, “উপাচার্য নিয়োগের বিষয়ে তো কিছু বলতে পারছিনা; এখনো দুটি ইউনিভার্সিটিতে দেয়নি; আমাদের কেন দিচ্ছেনা সেটাতো বুঝতেছি না; এখন আমারও কষ্ট হচ্ছে; তিনজনের কাজ ( উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার) একা করতে হচ্ছে এবং অনেক কাজই করা যাচ্ছে না। এখন তোমরাও (সাংবাদিকরাও) একটু খোঁজ খবর নাও”।
এই বিষয়ে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান বলেন, “আমার কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই; আপনাকে মন্ত্রণালয়ে কথা বলতে হবে; কারণ নিয়োগকারী হচ্ছে সরকার”।




