
আব্দুল্লাহ আল রাহাত , ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৪তম ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগ দিয়েছেন প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ এবং সাধারণ শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানান। পরে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
নবনিযুক্ত উপাচার্য প্রথমে শহীদ মিনার, শহীদ স্মৃতিস্তম্ভ এবং মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ড. নকীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ছিলেন এবং ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন এবং সেখানেও শিক্ষকতা করেছেন।
গত ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ড. নকীবকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শেখ আবদুস সালাম পদত্যাগ করেন।




