২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে অবহেলায় নষ্ট ‘সেবা বাহন’, অকেজো ১০ লাখ টাকার সরকারি সম্পদ

spot_img

গ্রামীণ জনপদের গর্ভবতী মা ও জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য চালু করা হয়েছিল ‘সেবা বাহন’। কিন্তু বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেই উদ্যোগ এখন অযত্ন-অবহেলায় পড়ে আছে। ইউনিয়ন পরিষদের আঙ্গিনায় পড়ে থেকে নষ্ট হচ্ছে অন্তত ১০ লাখ টাকার সরকারি সম্পদ।
‘এলজিএসপি-২ প্রকল্প (২০১৬-২০১৭ অর্থবছর)’ এর আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের জন্য ‘সেবা বাহন’ (পিকআপ ভ্যান) দেওয়া হয়। প্রতিটির মূল্য ছিল প্রায় ১ লাখ ২৫ থেকে ৩০ হাজার টাকা। লক্ষ্য ছিল গ্রামীণ স্বাস্থ্যসেবা সহজ করা।
কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। অধিকাংশ ইউনিয়ন পরিষদে এসব গাড়ি দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে আছে। রোদ-বৃষ্টি সহ্য করতে করতে গাড়ির ভেতরে জন্মেছে আগাছা, টায়ার ফেটে গেছে, ইঞ্জিনে ধরেছে জং। কোথাও আবার ব্যাটারি ও মূল্যবান যন্ত্রাংশ চুরি বা নষ্ট হয়ে গেছে।
স্থানীয় প্রশাসন বলছে, রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট কোনো তহবিল ও চালকের বেতন না থাকায় গাড়িগুলো ব্যবহার করা সম্ভব হয়নি। ফলে এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “গাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ব্যাটারির বিষয়ে কিছু জানা নেই।”
আমরুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রামাণিক সংবাদ বুলেটিনকে জানান, “দায়িত্ব নেওয়ার পর থেকেই গাড়িটি এমন অবস্থায় দেখছি। ব্যাটারি সম্ভবত খুলে রাখা হয়েছে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান সংবাদ বুলেটিনকে বলেন, “পরিদর্শনে গিয়ে গাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় দেখেছি। প্রকল্পটি বর্তমানে চলমান না থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সরকারি নির্দেশনা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
সংশ্লিষ্টদের মতে, সঠিক তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে জনসেবামূলক একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এখন ভেস্তে যাওয়ার পথে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ