
এসবি ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এখন আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়। গতকাল আলভারেজকে দলে ভেড়ানোর খবরটি এক বিবৃতিতে প্রকাশ করেছে আতলেতিকো মাদ্রিদ। ম্যানচেস্টার সিটি থেকে তাকে ৬ মৌসুমের জন্য দলে নিয়েছে লা-লিগার এই ক্লাব টি। স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আলভারেজের জন্য ট্রান্সফার ফি ও বোনাস হিসেবে মোট ৮ কোটি ৫০ লাখ ইউরো দেবে আতলেতিকো।
২০২২ সালে রিভার প্লেট থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লিখিয়েছিলেন আলভারেজ। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি জিতেছেন দুইটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ।
আতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি সম্পন্ন করার পর সিটির সমর্থকদের কাছ থেকে আলভারেজ বিদায় নিয়েছেন ইংলিশ ক্লাবটির ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে।সেখানে তিনি লিখেছেন, ‘আজ আমি অনেক আবেগ নিয়ে অসাধারণ এই ক্লাবটিকে বিদায় বলছি। এ দুই বছর খুব বিশেষ হয়ে থাকবে। এই সময়ে অনেক কিছু শিখেছি।’
_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ_




