২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ার হাটে কোরবানির পশু!

spot_img

ঈদুল আজহার বাকি ১৫ দিন। এরই মধ্যে বগুড়ার বিভিন্ন হাট-বাজারে শুরু হয়েছে কোরবানির পশু বিক্রি। খাবারের ও অন্যান্য জিনিসের দাম বাড়ায় এবার গরু-ছাগলের দামও চড়া। জানা যায়, বগুড়ার বিভিন্ন কোরবানির হাটে ভিড় করছেন ক্রেতা-বিক্রেতারা।

ব্যবসায়ী ও খামারিরা দেশি-বিদেশিসহ ছোট-বড় গরু ও ছাগল হাটে তুলছেন। অনেকে আগে থেকেই পছন্দ অনুযায়ী পশু কিনছেন। গত শুক্রবার উত্তরাঞ্চলের অন্যতম কোরবানির হাট মহাস্থান হাট ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে গরু ছাগল নিয়ে এসেছেন বিক্রেতারা। বগুড়ার অন্য হাটের চেয়ে এখানে গরু বেশি আসে বলে ক্রেতারাও ছোটেন এই হাটে।

গরু পর্যাপ্ত থাকলেও হাটে ছাগলের সংখ্যা ছিল কম। গত বছর যে গরুর দাম ৮০ হাজার টাকা ছিল এবার সেই গরুর দাম ৯০-৯২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ওই দিন শহরতলি বনানী হাটেও গরু-ছাগল ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে শহরের লোকজন এই হাট থেকে বেশি কোরবানির পশু কিনে থাকেন।

এ ছাড়া দুপচাঁচিয়ার ধাপেরহাট, গাবতলি পেরিহাট,শাজাহানপুরের বনানী, ধুনটের কান্তিনগরহাটসহ অন্যান্য পশুর হাটগুলোতেও প্রচুর গরু-ছাগল উঠছে। ক্রেতা আকৃষ্ট করতে মালা পরিয়ে সাজানো হয়েছে বড় বড় গরু। মহাস্থান হাটে গরু বিক্রি করতে আসা নাজমুল হক জানান, পশুখাদ্যের দাম বেড়েছে। খড়ের দাম দ্বিগুণ হয়েছে। গোখাদ্যের দাম বাড়ার কারণে গরুর দাম বেড়েছে।এই হাটে গরু কিনতে আসা আনিছুর রহমান মিঠু জানান, গত বছর ঈদুল আজহার হাটের চাইতে এ বছর মহাস্থান হাটে গরুর দাম বেশি মনে হচ্ছে। এই হাটে সব ধরনের গরু-ছাগল উঠেছে।

এদিকে বগুড়ায় ঈদুল আজহা সামনে রেখে কোরবানির জন্য ৭ লাখ ৩৫ হাজার পশু প্রস্তুত রয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলাতেও বিক্রি হতে পারে এসব পশু। একই সঙ্গে বেড়েছে খামারির সংখ্যা। ঈদ ঘিরে খামারিরা এখন লাভের আশায় দিন গুনছেন।

বগুড়ায় কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুতকৃত পশু উদ্বৃত্ত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ কার্যালয়। বগুড়ার অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাছরীন পারভীন জানান, গত বছরের চেয়ে বগুড়ায় প্রস্তুত পশুর সংখ্যা বেশি। এ বছর জেলায় যে পরিমাণ কোরবানির পশুর চাহিদা রয়েছে তার চেয়ে উদ্বৃত্ত রয়েছে ২৯ হাজার ১৫৫টি। আগের যে কোনো সময়ের চেয়ে বগুড়ায় পশু প্রতিপালনের হার বেড়েছে। জেলায় কোরবানির পশুর কোনো সংকট হবে না।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ