
বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে কথিত বিএনপি নেতা একলাস হোসেন মন্ডল ও তার ভাতিজা সাগরের নেতৃত্বে চলমান সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
রবিবার (২২ জুন) বিকাল ৫টায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাখারিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পরিচয় দানকারী একলাস হোসেন মন্ডল দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, অস্ত্রের মহড়া, হুমকি ও মারধরসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
একলাসের সঙ্গে তার ভাতিজা সাগর ও সহযোগী স্বপন, সোহেল, শিমুল, জয়, জিলহজ্জ, গালকাটা শিহাবসহ একাধিক ব্যক্তি নিয়মিত সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ রয়েছে, এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং, মামলার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় বলে দাবি করেন স্থানীয়রা। এতে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে এবং প্রতিনিয়ত কেউ না কেউ হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, একলাস ও তার অনুসারীরা প্রকৃত বিএনপি কর্মী না। তারা শুধুমাত্র দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে সন্ত্রাস চালাচ্ছে। এইসব অপরাধীদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর অবস্থান গ্রহণের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী একলাস হোসেন ও তার সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।




