
বাংলাদেশের মানুষের সম্মান ও মর্যাদার পাহারাদার হিসেবে জনগণ জামায়াতে ইসলামীকে বিরোধীদলীয় ভূমিকায় বসিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় মম ইন কনভেনশন সেন্টারে আয়োজিত রুকন সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের দেওয়া এ দায়িত্ব আমাদের পূর্ণ আমানতদারিতার সঙ্গে আঞ্জাম দিতে হবে।’ নতুন সরকার জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে জনরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই এগিয়ে নেওয়া হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জামায়াতের নেতাকর্মীদের এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। দৃঢ় ঈমান, অটল মনোবল ও বিপুল হিম্মত নিয়ে দেশ ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য রুকনদের প্রতি আহ্বান জানান জামায়াতের আমীর।
তিনি বলেন, শহীদ আব্দুল মালেক, ফকির আব্দুর রাহমান ও অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর স্মৃতিবিজড়িত বগুড়া ইসলামী আন্দোলনের একটি বুনিয়াদি ঘাঁটি। আগামী দিনেও এ এলাকার মানুষ দেশ ও জনগণের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে উত্তরবঙ্গের রাজধানীখ্যাত বগুড়ার দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রাব্বানী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনূর আলম এবং কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য সৈয়দ আব্দুল আজিজ।
মহানগর জামায়াতের সেক্রেটারি আসম মালেক ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বগুড়া জেলা ও মহানগরের প্রায় সাড়ে পাঁচ হাজার পুরুষ ও মহিলা রুকন অংশ নেন।সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের করণীয় এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে রুকনদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
এর আগে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বগুড়ার ধুনট উপজেলায় শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।




