২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বয়স ৭১, পড়তে-লিখতে জানেন না—তবুও কোরআন মুখস্থ করে হাফেজা!

spot_img

পড়তে বা লিখতে জানেন না। তবে ছোটবেলা থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত শুনে পবিত্র কোরআনের প্রতি তৈরি হয়েছিল গভীর ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই শুরু করেছিলেন কোরআন মুখস্থ করার চেষ্টা। জীবনের নানা দায়িত্ব ও প্রতিকূলতায় বারবার থেমেছে সেই যাত্রা। তবু হাল ছাড়েননি। অবশেষে ৭১ বছর বয়সে পুরো কোরআন হিফজ সম্পন্ন করেছেন মিশরের সানা আবদেল সাত্তার।

মিশরের মনুফিয়া প্রদেশের শোহাদা এলাকার মিত শাহালা গ্রামের বাসিন্দা সানা। বর্তমানে তিনি নিয়মিত মুখস্থ কোরআন পুনরাবৃত্তি করছেন। মিসরীয় সংবাদমাধ্যম মাসরাওয়ির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন প্রায় পাঁচ পারা কোরআন পুনরাবৃত্তি করেন তিনি।

 

সানা পড়তে বা লিখতে না জানায় অন্যদের মতো কোরআন দেখে দেখে হিফজ করেননি। বরং শুনে শুনে, মনে রেখে এবং বারবার পুনরাবৃত্তির মাধ্যমে পুরো কোরআন মুখস্থ করেছেন। ছোটবেলা থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত শোনা ছিল তার কোরআনের সঙ্গে পরিচয়ের অন্যতম মাধ্যম।

 

জীবনের বিশের কোঠার শুরুতেই কোরআন হিফজ শুরু করেন সানা। কিন্তু বিয়ের পর সংসারের দায়িত্ব, তিন সন্তানের লালন-পালনসহ নানা ব্যস্ততায় তার হিফজের পথ কঠিন হয়ে ওঠে।

 

এরপর অসুস্থ হয়ে পড়েন তার স্বামী। প্রায় ছয় মাস স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত রাখেন তিনি। এ সময় কোরআন হিফজের কাজ বন্ধ হয়ে যায়। পরে স্বামীর মৃত্যুর পরও বিভিন্ন কারণে কিছু সময়ের জন্য থেমে থাকে তার হিফজের যাত্রা।

তবে কোরআন হিফজের ইচ্ছা থেকে কখনো সরে যাননি সানা। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শুরু করেন মুখস্থ করার কাজ। একই সঙ্গে এমন নারীদের সঙ্গে নিয়মিত বসতে শুরু করেন, যাদের সঙ্গে কোরআন মুখস্থ করা এবং একে অপরকে শুনিয়ে তা পুনরাবৃত্তি করা যায়।

 

বর্তমানে ২০ জনের বেশি নারীর সঙ্গে নিয়মিত কোরআনের মজলিসে অংশ নেন তিনি। বিভিন্ন বয়সী এসব নারী পরস্পরকে কোরআন শুনিয়ে মুখস্থ করা অংশগুলো পুনরাবৃত্তি করেন। সানার এক প্রতিবেশী ও বান্ধবীও পড়তে-লিখতে জানেন না। তিনিও পুরো কোরআন হিফজ করেছেন।

 

সানার হিফজ জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হলো এক বৈঠকে পুরো কোরআন মুখস্থ থেকে তিলাওয়াত করে শোনানো। ফজরের নামাজের পর তিনি তিলাওয়াত শুরু করেন এবং মাগরিবের সময় পর্যন্ত তা অব্যাহত রাখেন। এভাবে প্রায় ১৪ ঘণ্টায় পুরো কোরআন মুখস্থ থেকে শুনিয়েছেন তিনি।

 

৭১ বছর বয়সে এসেও কোরআনের সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয়েছে। বয়সের ভারকে উপেক্ষা করে প্রতিদিন নিয়মিত হিফজ করা কোরআন পুনরাবৃত্তি করেন সানা। তার ভাষায়, বর্তমানে কোরআন পুনরাবৃত্তি তার প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

 

সানার এই কোরআন হিফজের গল্প প্রমাণ করে, বয়স কিংবা জীবনের প্রতিকূলতা—কোনোটিই দৃঢ় ইচ্ছাশক্তির পথে চূড়ান্ত বাধা হয়ে দাঁড়াতে পারে না।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ