
বগুড়ার শাজাহানপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইনসহ সোহেল মিয়া (৫৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে উপজেলার দুবলাগাড়ী হাটের পূর্ব পাশে ‘আল্লাহর দান ভ্যারাইটি স্টোর’-এর সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল মিয়া উপজেলার চুপিনগর স্কুলপাড়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশ জানায়, এসআই আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে অভিযান চালিয়ে সোহেল মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় সোহেল মিয়ার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১১ এবং জিআর নম্বর ২৬০।
শাজাহানপুর থানার এসআই আবু জাররা সংবাদ বুলেটিনকে বলেন, গ্রেপ্তার সোহেল মিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।




