১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মৃত-প্রবাসীর নামে চাল উত্তোলন! খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম

spot_img

বগুড়ার শাজাহানপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ ও সংরক্ষণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তালিকাভুক্ত মৃত ও প্রবাসী ব্যক্তিদের নামেও চাল উত্তোলনের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার খরনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বোনভেটি গ্রামের হবিবর রহমান আকন্দের স্ত্রী, ১৯২ নম্বর কার্ডধারী রোকসানা বিবি প্রায় তিন বছর আগে মারা গেলেও এখনো তালিকায় তার নাম রয়েছে। শুধু রোকসানাই নন, এমন আরও অনেক মৃত ও দীর্ঘদিন প্রবাসে থাকা ব্যক্তির নাম তালিকায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে অভিযুক্ত ডিলার মিজানুর রহমান শাকিলের গুদামে গিয়ে সরকারি চালের একাধিক বস্তা খোলা অবস্থায় দেখতে পান এলাকাবাসী। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সংরক্ষিত এসব চালের বস্তা খোলা থাকায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে ডিলার মিজানুর রহমান শাকিল বলেন, গাড়ি থেকে চাল নামানোর সময় হুক ব্যবহার করা হয়। এতে কিছু বস্তা ছিঁড়ে যেতে পারে। এ কারণেই কয়েকটি বস্তা খোলা দেখা গেছে। মৃত ও প্রবাসীদের নামে চাল উত্তোলনের বিষয়ে আমার কিছু জানা নেই।

তবে স্থানীয়দের প্রশ্ন, সরকারি চালের বস্তায় হুক ব্যবহার না করার নির্দেশনা থাকলেও কেন তা মানা হয়নি? তারা বলছেন, খাদ্যবান্ধব কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগে এ ধরনের অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান সংবাদ বুলেটিনকে বলেন, বিষয়টি আমার জানা নেই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং দপ্তরেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জোরালো হচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ