
বগুড়ার শিবগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এ ঘটনায় বগুড়ার পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত এসআই আনছার আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী জানান, গত সোমবার রাতে এসআই আনছার আলী কর্মস্থল ছেড়ে পুলিশ লাইনসে যোগ দিয়েছেন।
অভিযোগের তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, গত শনিবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী তরুণীর জবানবন্দি নেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে তাঁদের কথোপকথনের স্ক্রিনশট ও কিছু ভিডিও জমা দিতে চেয়েছেন ওই তরুণী। প্রাথমিক তদন্তে তরুণীর মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে একাধিকবার যাতায়াতের তথ্য পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে ওই তরুণীর স্বামীর বিরুদ্ধে করা একটি অভিযোগ তদন্ত করতে তাঁর বাড়িতে যান এসআই আনছার আলী। এরপর তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন ওই তরুণী।
তরুণীর অভিযোগ, একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন এসআই আনছার আলী। পরে বিয়ের জন্য চাপ দিলে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ৮ অক্টোবর বগুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন ওই তরুণী। অভিযোগটি তদন্ত করছেন শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত এসআই আনছার আলীর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।




