
বগুড়ার সারিয়াকান্দিতে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের কৈখালি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা তার মরদেহ বিলে ফেলে পালিয়ে গেছে।
নিহত আব্দুল মান্নান (৪৫) গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা এলাকার গ্যাদা মুন্নার ছেলে। ঘটনার পর থেকে তার ব্যবহৃত সিএনজিটি নিখোঁজ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, রোববার দিনের কোনো এক সময় মান্নান সিএনজি নিয়ে বের হন। সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে তাকে স্থানীয় সিএনজি স্ট্যান্ডে দেখেন সহকর্মীরা। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা সারারাত খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।
সোমবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ কৈখালি বিল থেকে মান্নানের মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে তার ব্যবহৃত সিএনজিটি পাওয়া যায়নি।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে মান্নানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




