
বগুড়ার সান্তাহারে কলেজ থেকে বাড়ি ফেরার পথে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে শিল্পা বানু নামে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সান্তাহার জংশন স্টেশনের দক্ষিণ পাশে সাহেবপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিল্পা সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের ইসলাম হোসেনের মেয়ে। তিনি সান্তাহার সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের চাচাতো ভাই মানিক হোসেন জানান, সকালে তার স্ত্রীর সঙ্গে শিল্পা সান্তাহারে আসে। পরে শিল্পা কলেজে যায়। কলেজ থেকে ফেরার পথে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




