
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো বোনকে দা ও বড় বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আপন চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বৃ-কুষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দুই বোন সুমি (২৫) ও সুমাইয়া (২০)। এ ঘটনায় অভিযুক্ত চাচা মতি (৬০) ও তাঁর ছেলে মাসুদকে (৩০) আটক করে থানায় নিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে মতি ও তাঁর ছেলে মাসুদ দুই বোনের বাড়িতে গিয়ে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় দা ও বড় বটি দিয়ে তাঁদের মাথা ও ঘাড়ে আঘাত করা হয়। এতে তাঁরা গুরুতর আহত হন।
পরে তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দুই বোনকে উদ্ধার করেন। খবর পেয়ে শাজাহানপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ভূক্তভোগীদের বড় বোন রুমি খাতুন জানান, অভিযুক্তরা অতর্কিতভাবে এসে দা ও বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে তাঁদের ওপর হামলা চালান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তদের আটক করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ বুলেটিনকে জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




