
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দলীয় সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কেন চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে না–তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে দলটি।
শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো মন্তব্য করার অভিযোগ উঠেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে অবিলম্বে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে পরবর্তী স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যাও এই সময়ের মধ্যে দাখিল করতে হবে।




