
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ মোঃ রনি
দশম গ্রেডের একদফা দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষকরা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে দশম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য দেন।
বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চুয়াডাঙ্গা সদর উপজেলার আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব শামিম হোসেন, কালোপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, হিজলগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুুল ইসলাম, সরিষাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, সরোজগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, বহালগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, খেজুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা খাতুন, বুজরুপগড়গড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা একটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান, অথচ বেতন গ্রেড ১৩তম। স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া প্রাথমিকের শিক্ষকরা কেন দশম গ্রেড পাবেন না?




