১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দেশের জন্য প্রাণ দিলেন ১৪ জন, ৫৫ বছরেও স্বীকৃতি পেল না তাঁদের পরিবার!

spot_img

মোঃ মুঞ্জুরুল ইসলাম রিপন:

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেছে। দেশের জন্য এক রাতে প্রাণ দিয়েছিলেন ১৪ জন। কিন্তু এত বছরেও শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি তাঁদের পরিবারের। জীবনের শেষ প্রান্তে এসে সেই আক্ষেপই ঝরে পড়ল দুই শহীদের স্ত্রীর কণ্ঠে। তাঁরা বললেন, ‘দেশের জন্য জীবন দিয়েছেন আমাদের স্বামীরা। অথচ ৫৫ বছরেও দেখে যেতে পারলাম না তাঁদের শহীদের স্বীকৃতি।’

বগুড়ার  শাজাহানপুরের ঐতিহাসিক বাবুরপুকুর গণহত্যা দিবস আজ ১১ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ১৪ জন। তাঁদের মধ্যে ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা হান্নান পশারী, তাঁর ছোট ভাই মান্নান পশারী, ন্যাপ কর্মী ওয়াজেদুর রহমান টুকুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শহীদদের মধ্যে একমাত্র নারী ছিলেন বগুড়া টিঅ্যান্ডটির অপারেটর নুরজাহান।

দীর্ঘ ৫৫ বছরে শহীদদের স্ত্রীদের মধ্যে বেঁচে আছেন মাত্র দুজন। তাঁরা হলেন শহীদ ওয়াজেদুর রহমান টুকুর স্ত্রী লাইলী বেগম ও শহীদ ফজলুর রহমানের স্ত্রী রাজেকা বেগম। জীবনের পড়ন্ত বেলায় এসেও স্বামীদের রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় দিন কাটছে তাঁদের।
স্বজনদের অভিযোগ, মুক্তিযুদ্ধে ভারতে প্রশিক্ষণ না নেওয়ার কারণে তাঁদের স্বজনদের নাম পরবর্তী সময়ে সরকারি শহীদ গেজেটে অন্তর্ভুক্ত হয়নি। অথচ ১৯৭২ সালে তাঁদের শহীদ হিসেবে স্বীকৃতিপত্র দেওয়া হয়েছিল। প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছিল দুই হাজার টাকা করে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শহীদ পরিবারের পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত হয়নি।

যেভাবে সংঘটিত হয়েছিল গণহত্যা

স্বজনদের বর্ণনা অনুযায়ী, ১৯৭১ সালের ১১ নভেম্বর ছিল পবিত্র রমজান মাসের ২১ তারিখ। ভোরে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রোজাদাররা। ঠিক সেই সময় রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী বগুড়া শহরের ঠনঠনিয়া, শাহপাড়া, মণ্ডলপাড়া, হাজিপাড়া ও পশারীপাড়ায় অভিযান চালায়।

বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয় ১৪ জনসহ আরও কয়েকজনকে। পরে তাঁদের নিয়ে যাওয়া হয় বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের তিতখুর গ্রামের বগুড়া-নাটোর মহাসড়কসংলগ্ন বাবুরপুকুর এলাকায়। সেখানে শান্তি কমিটির এক নেতার শনাক্তের পর সাতজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৪ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করে হানাদার বাহিনী।

পরদিন সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ভয়াবহ হত্যাযজ্ঞের চিহ্ন। শহীদদের মাথা ও শরীরে ছিল একাধিক গুলির ক্ষত। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় বাবুরপুকুরের পাড়েই তাঁদের দাফন করা হয়।

অবহেলায় স্মৃতিস্তম্ভ, সংরক্ষণের দাবি

শহীদদের স্মৃতি ধরে রাখতে স্থানীয় তিতখুর গ্রামের আলতাফ হোসেন, অ্যাডভোকেট আলতাফ উদ্দিন, অ্যাডভোকেট রাশেদুর রহমান মরিস ও আলাউদ্দিন মাস্টার ১৫ শতক জমি দান করেন। পরবর্তী সময়ে বগুড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের উদ্যোগে স্বাধীনতার ৩৮ বছর পর বাবুরপুকুরে নির্মাণ করা হয় ১৪ শহীদের স্মৃতিস্তম্ভ ‘বিমূর্ত পাঞ্জর’। এটি নির্মাণ করেন বিশিষ্ট ভাস্কর অনীক রেজা।

তবে শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, স্মৃতিস্তম্ভ নির্মিত হলেও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এটি অনেকটাই অবহেলিত। তাঁদের দাবি, শহীদদের কবরস্থান সম্প্রসারণ, স্মৃতিস্তম্ভের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের মাধ্যমে স্থানটি সংরক্ষণ করতে হবে। শহীদদের আত্মত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া ১৪ শহীদের স্মৃতি আজও বহন করছে বাবুরপুকুর। কিন্তু পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাঁদের পরিবারের স্বীকৃতির অপেক্ষা শেষ হয়নি। দুই শহীদের স্ত্রীর জীবনের শেষ প্রান্তের আক্ষেপ যেন সেই অসমাপ্ত ইতিহাসেরই এক বেদনাদায়ক অধ্যায়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ