
এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার ( এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ (জেএমসি)’র ১০ম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় এনইউবিটি খুলনার শিববাড়িস্থ অস্থায়ী ক্যাম্পাসে সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
এসময় মতবিনিময়ে নবীন শিক্ষার্থীরা তাদের সাংবাদিকতা বিভাগে আসার কারণ ও বিভিন্ন সম্ভাবনার দিক উল্লেখ করে আশা প্রকাশ করেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেএমসি বিভাগের শিক্ষক প্রভাষক মতিউর রহমান বলেন, সাংবাদিকতা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বিদেশে বেশ চাহিদা রয়েছে। এই বিভাগের শিক্ষার্থীদের সাংবাদিকতার পাশাপাশি আরও অনেক ধরণের চাকরির সুযোগ আছে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার দিকেও সাংবাদিকতা বিভাগ বেশ গুরুত্ব দিয়ে থাকে উল্লেখ করেন তিনি।
এসময় প্রভাষক এম এম মুজাহিদ উদ্দিন তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী আজ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফেসর হয়েছে, সরকারি ডিসি, এসপিসহ বড় বড় জায়গায় তাদের অবস্থান তৈরি করতে পেরেছে।
প্রভাষক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, আজকে যে নবীন শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে আছি তারা দেশের স্বৈরাচারী সরকারকে পতন করেছে। তোমরা দেশের সম্ভাবনাময়, তোমরা জ্ঞানের আলো ছড়িয়ে দেশকে আলোকিত করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেএমসি বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমান রনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের এই চার বছর সঠিকভাবে ব্যবহার করলে এবং স্কিল বেজড শিক্ষা গ্রহণ করলে ভবিষ্যতে বেকার বসে থাকতে হয় না। সাংবাদিকতা বিভাগ যেহেতু ব্যবহারিক জ্ঞানের দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তাই শিক্ষার্থীদের সামনে বিভিন্ন সুযোগ থাকে।
সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ




