
কুমিল্লা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মো. ইউছুফ সোহেলকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর ইউছুফ সোহেল কর্মসূচি।
শনিবার সকাল ৮:৩০ মিনিটে মুরাদনগর ডি.আর. হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে কোম্পানীগঞ্জ পর্যন্ত এই মার্চ অনুষ্ঠিত হয়। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা সাবেক আমির মাওলানা মনসুর মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইউছুফ রতন, উপজেলা আমির মাওলানা আবু নছর মো: ইলইয়াস কুমিল্ল উত্তর জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক তসলিমুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা -৩ আসনে এমপি পদপ্রার্থী মো: ইউছুফ সোহেল।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই কর্মসূচীর স্লোগান ছিল পরিবর্তনের পথে ঐক্যবদ্ধ মুরাদনগর। এলাকার উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন, সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক মুক্ত মুরাদনগর প্রতিষ্ঠার লক্ষে কর্মসূচিতে অংশ নেন অংশগ্রহণকারীরা।
সমাবেশে মো. ইউছুফ সোহেল বলেন,
সূর্যের আলো যখন উদিত হয়, অন্ধকার তখন পালিয়ে যায়। আজকের এই মিছিল অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও ভোট ডাকাতির বিরুদ্ধে জনগণের শক্তিশালী প্রতিরোধের প্রতীক। মুরাদনগর থেকে আমরা পরিষ্কারভাবে ঘোষণা করছি— রাজনীতিতে আর কোনো অন্যায়, ভয়ভীতি বা তাফালিং চলবে না।
তিনি আরও বলেন, রক্তচক্ষু, পেশিশক্তি আর টাকার জোরে যারা ভোট দখলের অপচেষ্টা করে, জনগণ এবার তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা থামবে না।
নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মার্চ মুরাদনগরের রাজনৈতিক অঙ্গনের মোড় ঘুরিয়ে দিবে। স্থানীয়দের অংশগ্রহণে কর্মসূচি সফল হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন। মার্চে জামায়াতের স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।




