১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে রঙ্গীলা ব্রিজ-কৃষিজমি

spot_img
বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের কচুয়াদহ খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বালু উত্তোলন করায় রঙ্গীলা ব্রিজ, খালতীর, আবাদি জমি ও মৎস্যসম্পদ হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের নজরদারির মধ্যেই দীর্ঘদিন ধরে বালু উত্তোলন চলছে। প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় এসব কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না বলেও দাবি তাদের।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কচুয়াদহ খালে রঙ্গীলা ব্রিজের সামান্য দক্ষিণে তীরবর্তী স্থান থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সারা রাত পর্যন্ত ড্রেজার দিয়ে খাল থেকে বালু তোলা হয়।

কচুয়াদহ এলাকার এক কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কিছু প্রভাবশালী ব্যক্তি জোর খাটিয়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। এতে রঙ্গীলা ব্রিজসহ আমাদের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগে দিনের বেলাতেও ড্রেজার চলত। কয়েক দিন ধরে দিনে না চালিয়ে রাতে বালু উত্তোলন করা হচ্ছে। বিষয়টি প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত।’

স্থানীয়দের আশঙ্কা, এভাবে খাল থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে খালের তীর ভেঙে পড়ার পাশাপাশি রঙ্গীলা ব্রিজের নিরাপত্তা, কৃষিজমি ও জলজ সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে জানতে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমানের হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে সংযোজন করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ