
বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া ৬ লেন মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) শাজাহানপুর উপজেলার নয়মাইল হাট থেকে মাঝিড়া পর্যন্ত মহাসড়কের দুই পাশে এ অভিযান চালানো হয়। অভিযানে মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ ছাপনা ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন রেভিনিউ কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
সওজ কর্তৃপক্ষ জানায়, ঢাকা-বগুড়া ৬ লেন মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন, যানজট নিরসন এবং নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে মহাসড়কের জায়গা অবৈধ দখলমুক্ত করা হচ্ছে।
উল্লেখ্য, উচ্ছেদ অভিযানে পূর্বে অবৈধ দখলদারদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা অমান্য করায় বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আগামীকাল বৃহস্পতিবারও এ অভিযান চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




