
বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় শ্রী রিপন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাসিন্দা। তিনি বনানী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বনানী বাইপাস মোড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস রিপনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে শেরপুর হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।




