
বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মো. মকবুল হোসেন (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাঝিড়া স্ট্যান্ডের পশ্চিম পাশের বাসিন্দা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টায় ঢাকা–বগুড়া মহাসড়কের মাঝিড়া লেকপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মকবুল হোসেন বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন এবং অবসর গ্রহণের পর পরিবার নিয়ে নিজ এলাকায় বসবাস করছিলেন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন সংবাদ বুলেটিনকে জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হাসপাতালের প্রত্যয়ন সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




