
বগুড়ার শাহাজানপুর উপজেলায় গাঁজাসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে উপজেলার দূবলাগাড়ী বন্দর ও রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিএনসির একটি আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকরা হলেন— উপজেলার দূরুলিয়া পশ্চিমপাড়া এলাকার মো. রাশেদ (২৯) ও রামপুর এলাকার মো. আব্দুল মোমিন (৩০)।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের আভিযানিক দল শাহাজানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।




