
দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। একই সঙ্গে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনাবেতনে পড়ার সুযোগ পাবে। এ ছাড়া দেশের অনগ্রসর আরও নতুন ১২টি উপজেলাকে শতভাগ উপবৃত্তির কার্যক্রমে যুক্ত করা হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির মোট ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী সর্বজনীনভাবে এ সুবিধা পাবে, যা দেশের শতভাগ ছাত্রী। এর ফলে বর্তমানে উপবৃত্তির সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজার (প্রায় এক কোটি)। পাশাপাশি প্রচলিত দারিদ্র্য-ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররাও এ সুবিধা পাবে। এতে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ (হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম) -এর পরিধি সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
এর মূল লক্ষ্য হলো— দেশে নারী শিক্ষার প্রসার, ঝরে পড়ার হার কমানো, বাল্যবিবাহ রোধ এবং সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা জোরদার করা। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অনুযায়ী সবার জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।




