
বগুড়ার শাজাহানপুরে অটোরিকশা চালককে কুপিয়ে গাড়ি ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশা বিভিন্ন যন্ত্রাংশ ও একটি মোবাইল ফোন।
পুলিশ জানায়, গত ১৭ ডিসেম্বর ২০২৩ রাত সাড়ে ১১টার দিকে শাজাহানপুর থানাধীন জোড়া তালপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অটোরিকশা চালক মো. শাহজালাল বাবু (২৫) বনানী এলাকা থেকে ভাড়া শেষে বাড়ি ফেরার পথে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে ছিনতাইকারীরা। পরে তার ব্যবহৃত একটি স্মার্টফোন, নগদ ৬০০–৭০০ টাকা এবং অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি মামলা (মামলা নং-২৮) দায়ের করা হয়।
বগুড়া জেলা পুলিশ সুপার মো. শাহাদত হোসেন (পিপিএম) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তফা মঞ্জুর (পিপিএম)-এর দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে শাজাহানপুর থানা পুলিশ। অভিযানে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মূল অভিযুক্ত মো. আল-আমিন (২১) গ্রেপ্তার হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার শোবার ঘর থেকে ভুক্তভোগীর লুণ্ঠিত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ ছাড়া অপর এক কিশোর অপরাধী মো. হিফানুর রহমান তুষার (১৬)-কে কাহালু থানার মালদহ এলাকা থেকে আটক করা হয়েছে। মামলার আরেক পলাতক আসামি মো. রাসেল (২০)-কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে কাহালু থানার জামগ্রাম বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে চ্যাসিস ও তিনটি চাকা বাদে অটোরিকশা অন্যান্য খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। পাশাপাশি বগুড়া শহরের সূত্রাপুর এলাকা থেকে উদ্ধার করা হয় অটোরিকশার চারটি ব্যাটারি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আসামিরা পরিকল্পিতভাবে এ ছিনতাই সংঘটিত করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উদ্ধারকৃত মালামাল আদালতের অনুমতি সাপেক্ষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




