
বুধবার (২৯ এপ্রিল) ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রথমদিকে পি-এমআরকিউ নামে একটি পর্যবেক্ষক সংস্থা তাদের বুথফেরত জরিপ প্রকাশ করে। পরে ম্যাট্টিজ্র এবং পোল ডায়রি নামের আরও দুটি সংস্থাও জরিপের ফল প্রকাশ করেছে। এই তিনটি জরিপেই দেখা যাচ্ছে, বিজেপি এবারের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে।
পি-এমআরকিউ-এর জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি পেতে পারে ১৫০ থেকে ১৭৫টি আসন। অন্যদিকে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। এছাড়া রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের ভাগ্যে জুটতে পারে মাত্র ২ থেকে ৬টি আসন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা ২৯৪। সরকার গঠন করতে হলে প্রয়োজন অন্তত ১৪৮টি আসন।
অন্যদিকে ম্যাট্টিজ্র-এর জরিপ বলছে, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১২৫ থেকে ১৪০টি আসন, বিজেপি পেতে পারে ১৪৬ থেকে ১৬১টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে পারে ৬ থেকে ১০টি আসন।
এছাড়া পোল ডায়রি নামের আরেকটি সংস্থার পূর্বাভাসেও একই ইঙ্গিত পাওয়া গেছে। তাদের মতে, বিজেপি এবারের নির্বাচনে পেতে পারে ১৪২ থেকে ১৭১টি আসন। তৃণমূল কংগ্রেস পেতে পারে ৯৯ থেকে ১২৭টি আসন। অন্য দলগুলোর ভাগ্যে সর্বোচ্চ ১টি আসন যেতে পারে।
বুথফেরত জরিপগুলো সাধারণত ভোটকেন্দ্রভিত্তিক তথ্য, ভোটারদের প্রতিক্রিয়া এবং মাঠপর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণ করে তৈরি করা হয়। যদিও এসব জরিপ সবসময় চূড়ান্ত ফলাফলের সঙ্গে পুরোপুরি মিলে যায় না, তবে নির্বাচনের সম্ভাব্য প্রবণতা সম্পর্কে একটি ধারণা দেয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




