
বগুড়ার সদর ও শাজাহানপুর উপজেলায় র্যাব-১২ এর পৃথক অভিযানে ১৫০ বোতল নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ (ফেয়ারডিল ও ইস্কাফ) উদ্ধার এবং ৩ নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১ বগুড়ার একটি আভিযানিক দল জেলার সদর ও শাজাহানপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন বগুড়া সদর উপজেলার গোকুল এলাকার লাইলী বেগম (৫০), শাজাহানপুর উপজেলার পান্ডারপাড়া এলাকার মর্জিনা বেগম (৫০) এবং ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আনজুরা বেগম (৩৮)।
র্যাব জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বগুড়া সদর উপজেলার পশ্চিম গোদারপাড়া এলাকায় নওগাঁ-বগুড়া চারমাথাগামী সড়কে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় নওগাঁ থেকে আসা একটি সিএনজি তল্লাশি করে লাইলী বেগম ও মর্জিনা বেগমকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭০ বোতল ফেয়ারডিল এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
একই দিন রাত ৭টা ১০ মিনিটের দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর টিএমএস ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় রংপুর থেকে ঢাকাগামী আহাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে আনজুরা বেগমকে আটক করা হয়। তার কাছ থেকে ৮০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের দাবি, আটক আনজুরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে নেশাজাতীয় সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
আটক তিন নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যথাক্রমে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১২।




