
বগুড়া শহরের নবাববাড়ী সড়কে অবস্থিত ‘মুন কাচ্চি ও মুন ফুচকা’ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সাকিব হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বগুড়া সদরের চেলোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।
অভিযানকালে দেখা যায়, কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি করা হচ্ছে। ফুচকার ময়দার ডো তৈরির টেবিলে কুকুরের পায়ের ছাপ, কাদা ও ময়লার উপস্থিতি থাকলেও তা পরিষ্কার না করেই একই টেবিলে ময়দা প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া খাদ্যে ব্যবহার নিষিদ্ধ হাইড্রোজ রাসায়নিক ব্যবহার করে ফুচকা তৈরি এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও ধরা পড়ে।
ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
এ সময় সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য উৎপাদন ও সরকারের প্রচলিত আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।




