
মৃত্যুর পর মানুষের সব চাওয়া-পাওয়ার অবসান ঘটে। জীবনের শেষ বিদায়টুকু নির্বিঘ্ন হওয়ার কথা। কিন্তু রাস্তার জায়গা সংকটের কারণে সেই শেষ বিদায়েও চরম দুর্ভোগে পড়তে হলো একটি পরিবারকে। বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. ফজলুল হকের মরদেহ কবরস্থানে নিয়ে যেতে বাধার মুখে পড়েন স্বজনরা।
রোববার (২৯ নভেম্বর) এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবেশীদের বাড়ি নির্মাণের সময় রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা না ছাড়ায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। এবার একজন মৃত ব্যক্তির মরদেহ নিয়ে যাওয়ার সময়ও সেই সংকট প্রকট হয়ে উঠেছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, মো. বকুল ও মো. মিঠু হোসেন বাড়ি নির্মাণের সময় রাস্তার জন্য নির্ধারিত জায়গা ছেড়ে দেননি। বরং তৎকালীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তার জায়গা দখল করে বাড়ি নির্মাণ করা হয়েছে বলে তাঁদের দাবি। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি সংকীর্ণ হওয়ায় সাধারণ মানুষের চলাচল থেকে শুরু করে জরুরি প্রয়োজনে যানবাহন প্রবেশেও সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরে রাস্তা প্রশস্তকরণের দাবি জানিয়ে আসলেও কার্যকর সমাধান মেলেনি। এবার সাবেক পুলিশ কর্মকর্তার মরদেহ কবরস্থানে নেওয়ার সময়কার ভোগান্তি বিষয়টি নতুন করে সামনে এনেছে।
এ বিষয়ে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন গনমাধ্যমেকে জানান, বিষয়টি সিটি করপোরেশন কর্তৃপক্ষ খতিয়ে দেখবে। বগুড়া সিটি করপোরেশনের মাস্টারপ্ল্যান এবং বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হলে এ ধরনের সমস্যা সমাধানের সুযোগ তৈরি হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটি একসময় সাবগ্রাম ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। ২০০৬ সালের পর বগুড়া পৌরসভার সীমানা সম্প্রসারণের মাধ্যমে এলাকাটি ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়। পরবর্তী সময়ে সিটি করপোরেশন গঠিত হলেও নাগরিক সুবিধা প্রত্যাশা অনুযায়ী বাড়েনি বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসীর দাবি, পরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ এবং রাস্তার জন্য নির্ধারিত জায়গা নিশ্চিত করা হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তাঁদের প্রশ্ন, একজন মানুষের শেষ বিদায়টুকু নির্বিঘ্নে সম্পন্ন করার মতো রাস্তা যদি না থাকে, তাহলে নাগরিক সুবিধার বাস্তব চিত্র কী?




