
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বাবার চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন ছেলে। উদ্দেশ্য ছিল বাবাকে হামলা থেকে রক্ষা করা। কিন্তু শেষ পর্যন্ত হামলার শিকার হতে হয়েছে তাকেও। বগুড়ার আদমদীঘিতে বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে বাবা ফরহাদ আলীকে মারধরের অভিযোগ উঠেছে তিন নারীসহ চারজনের বিরুদ্ধে। বাবাকে বাঁচাতে গিয়ে বাঁশের লাঠির আঘাতে আহত হয়েছেন তাঁর ছেলে ও দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি ফিরোজ হোসেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রাম কুমারপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে ফিরোজ হোসেন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ফিরোজ হোসেনের অভিযোগ, ঘটনার সময় তাঁদের বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়ার কাজ চলছিল। এ সময় প্রতিবেশী আব্দুর রহমানের নির্দেশে সাথী, আসমা ও রুজিনা তাঁর বাবা ফরহাদ আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
ফরহাদ আলী গালিগালাজ করতে নিষেধ করলে ওই তিন নারী তাঁর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর মাথায় রক্তাক্ত জখম হয়।
বাবার চিৎকার শুনে ফিরোজ হোসেন তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে ফিরোজের মাথায়ও রক্তাক্ত জখম হয়।
অভিযোগে আরও বলা হয়, স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা ফিরোজ, তাঁর বাবা ও পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
অভিযোগে অভিযুক্তরা হলেন—চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রাম কুমারপাড়ার সাথী বেগম (৩০), বিহিগ্রাম ওস্তাদপাড়ার আসমা বেগম (৪৭), নওগাঁর রানীনগর উপজেলার বোহার গ্রামের রুজিনা আক্তার (৩৮) এবং বিহিগ্রাম কুমারপাড়ার আব্দুর রহমান (৬০)।
এ ঘটনায় সান্তাহার শহর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবজমিনের উপজেলা প্রতিনিধি ফিরোজ হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




