
বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে কোবরা বাহিনীর অন্যতম সদস্য রতন পাইকারসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার (১ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে শাজাহানপুর উপজেলার বেজোড়া ঘাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, কোবরা বাহিনীর অন্যতম সদস্য রতন পাইকার তাঁর সহযোগীদের নিয়ে বেজোড়া বাজারের আকবর আলীর গ্যারেজে এক অজ্ঞাতনামা যুবককে আটকে মারধর করছেন—এমন তথ্যের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. রুবেল প্রামাণিকের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় রতন পাইকার (৩৬), বাবু শেখ (৩২), মিরাজ মোল্লা (৩৫), সুমন মিয়া (২৮), রাজু মিয়া (২৭) ও রিয়াদ সাকিদার (২৭) নামে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদর থানার কুকরুল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের সহযোগী আবুল বাশার বাপ্পী (২৫)-কে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তাঁর হেফাজত থেকে আরও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হত্যা, মারামারি, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটির বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।




