
আগামী ডিসেম্বরে দেশের ২৬৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আয়োজন করা হবে। এর মধ্যে চারটি উপজেলার অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্য ২৬৪টি উপজেলার কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন প্রধানমন্ত্রী।
চারটি মূল ভেন্যুর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবে দেশের অন্যান্য উপজেলা। এর মধ্যে কুষ্টিয়া সদরের অনুষ্ঠানের সঙ্গে ৬৭টি, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সঙ্গে ৬৪টি, সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা যুক্ত হবে। সব মিলিয়ে ২৬৪টি উপজেলায় একই সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
চিঠিতে সংশ্লিষ্ট উপজেলাগুলোর ইউএনওদের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি ও সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।




